শনিবার, ১১ জুলাই, ২০১৫

প্রকট লীলায় দেখা গিয়াছে রামঠাকুর মহাশয়ের নিজস্ব কোন কিছুর প্রয়োজনই ছিল না। আশ্রম থাকা সত্বেও তিনি আশ্রমবাস করেন নাই। অধুনা বাংলাদেশে চট্টগ্রামের পাহাড়তলিতে তাঁহারই নির্ব্বাচিত স্থানে কৈবল্যধাম আশ্রম প্রতিষ্ঠিত হয় ১৯৩০ সালের প্রায় মাঝামাঝি সময়ে।
আশ্রমবাসে অনিচ্ছার কথা প্রকাশ করিয়া ঠাকুর মহাশয় সকল ভক্তদের নিরাশ করিলেন। কেবল মাত্র তিন রাত্রি যাপন করিয়াছিলেন শ্রীকৈবল্যধাম আশ্রম প্রতিষ্ঠার কয়েকমাস পরে। কলিকাতা সংলগ্ন যাদবপুর আশ্রমে তিনি প্রবেশই করেন নাই। তাঁহার আশ্রিত ভক্তদের প্রায়শঃই বলিতেন তিনি, "আশ্রমতো আমার হয় নাই, আপনাদের ঘরইত আমার আশ্রম।"
ছন্নাবতার শ্রীশ্রী রামঠাকুর
সদানন্দ চক্রবর্তী
পৃষ্ঠা: ৩৯০
সিন্নিদানের অর্থ "ভাগ" বা "দ্বন্দ" ত্যাগ। অর্থাৎ আপন-পর, ভালমন্দ, শত্রুমিত্র ইত্যাদিতে সমজ্ঞান হইলেই সত্যাশ্রয়ী হওয়া যায়। সুতরাং সত্যনারায়নের পূজা শেষে আমাদের একটু ভেবে দেখতে হবে যে, আমাদের হৃদয়ের ভেদবুদ্ধি বা দ্বন্দ, অভিমান বা কর্তৃত্ববুদ্ধি কতটুকু দূরীভূত হলো। আমি কি পেরেছি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আপন করে নিতে?
~ শ্রীশ্রী সত্যনারায়নের পাঁচালি আস্বাদন।
ডঃ শ্রী পুলিন রঞ্জন দাস
প্রখ্যাত এডভোকেট সুধীর সেন চৌধুরী মহাশয়কে শ্রীশ্রী ঠাকুর বলেছিলেন, "পূজা-টুজা কিছু করতে হইব না, কেবল সত্যেরে ধইরা থাকেন।"
- সত্য কোনটা?
উত্তর- "নামই সত্য।"
একদিন ঠাকুর আমার নিকট হইতে একখানা গোলাকার বৃত্ত আঁকিয়া তাহার মধ্যস্থলে একটি বিন্দু বসাইলেন। পরে কাগজখানা আমার সম্মুখে ধরিয়া বলিলেন: "এই যে বৃত্তটি দেখিতেছেন ইহাই সীমাবদ্ধ মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদির অধিকারের পরিধি, আর আপনাকে যাহা দেওয়া হইয়াছে তাহা হইল এই বিন্দুটি। এই বিন্দুটির আয়তন যতই বাড়িবে, উহাদের অধিকারের পরিধি আপনিই সঙ্কুচিত হইতে থাকিবে। আপনি এই বিন্দুটির সেবা পরিচর্য্যা লইয়াই থাকেন, উহাদের সহিত মিত্রতাও করিবেন না, উহাদের বিরোধিতাও করিবেন না।"
রাম ঠাকুরের কথা
ডঃ ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা: ১৭৮
"বাবা- এই বিশ্বসৃষ্টির রহস্য কি? সৃষ্টির সার্থকতা কোথায়?" ঠাকুর উত্তর দিলেন, চির চৈতন্যময় এক বিরামহীন ও উত্থানপতনবিহীন শাশ্বত বিন্দুনাদের সুরবিতান অংশাতীতভাবে চিন্ময় রূপে প্রকৃত বিশ্বব্রহ্মান্ডে, অপ্রাকৃত ভগবদ্ধামাদিতে এবং ব্যোম, পরব্যোম, ব্যোমাতীত ধাম ব্যাপী চলতেছে। এইটাই সৃষ্টি রহস্য। এই যে প্রাণময় অখন্ড বিন্দুনাদ লহরী চলতেছে, এর সঙ্গে প্রাণীর অন্তর্নিহিত সুবিতান মিশাইয়া এক তান কইরা নিতে পারাই হইল বিশ্বসৃষ্টির সার্থকতা। এক করতে না পারলে দুই থাইকা যায়। অদ্বৈত হয় না। দ্বৈত থাইকা গেলে কর্তৃত্ব থাইকা যায়। আমি এবং আমার ভাবে বিভাবিত থাইকা অমিল অযোগ হইয়া পড়ে। বিয়োগে থাকে। বিয়োগে থাকলে সৃষ্টি রহস্য সার্থকতাবিহীন হইয়া পড়ে। সর্ব্বব্যাপী বিন্দুনাদের সুর-মূর্ছনার সঙ্গে জীবের অন্তর্নিহিত সুর-মূর্ছনা একতানে ও সুরে মিলাইয়া নিতে পারলে এক হইয়া সৃষ্টি সার্থকতা লাভ করে। এই বলিয়া ঠাকুর নীরব হইলেন। সকলে প্রস্থান করিলেন।
রামভাই স্মরণে
শ্রী ফনিন্দ্রকুমার মালাকার
পৃষ্ঠা: ১১১
গুরু কীভাবে আশ্রিতের ডাকে আবির্ভূত হয়ে ভক্তকে উদ্ধার করেন, নিশঙ্ক চিত্তে এগিয়ে যেতে পারে তার পথ প্রদর্শন করেন এমন একটি ঘটনা ঠাকুরের একান্ত শিষ্য আগরতলার প্রতিথযশা প্রধান প্রধান শিক্ষক শিতিকণ্ঠ সেনগুপ্ত মহাশয় জানিয়েছেন। তিনি নিজে পূজায় উপস্থিত ছিলেন। কুঞ্জবন হিন্দি কলেজ হোস্টেলে পূজা শেষে যোগেশ্বর কর্মকারের জীবনে ওই অদ্ভূত ঘটনা ঘটেছিল। শ্রীশ্রী সত্যনারায়ণ পূজার ব্যাবস্থা ওই হোস্টেলে হয় এবং তার পূজক ছিলেন তারিনী ভট্টাচার্য। সত্যনারায়ণ পূজা, নাম,গান,ভোগ নিবেদন, আরাধনা এবং প্রসাদ বিতরণ এসব শেষ হতে রাত ১২টা বেজে যায়। তখনকার আগরতলা দিনেই শোনশান আর এত গভীর রাতে সকলকে প্রসাদ বিতরণ শেষ করে ও নিজে প্রসাদ গ্রহণ করে যখন বাড়ির দিকে চললেন কর্মকার, সঙ্গিগণ অন্য রাস্তায় চলে যাওয়াতে তিনি প্রায় ছুটতে ছুটতে পথ অতিক্রম করছিলেন। মনে ভয় তাই শ্রীশ্রী ঠাকুরের নাম জপ করে চলেছেন। কিন্তু সামনে তাকিয়ে তিনি মনে যেন ভরসা পেলেন। যোগেশ্বর বাবুর সামনে কিন্তু একটু দুরে এক বৃদ্ধ হেঁটে চলেছেন এবং মাঝে মাঝে পিছনে ফিরে তাকাচ্ছেন। বৃদ্ধের পায়ে লাল কেটস, হাতে লাঠি এবং গায়ে কম্বল। যোগেশ্বর বাবু হাঁপাতে হাঁপাতে আর দৌড়ে ওই বৃদ্ধকে পার হয়ে যাচ্ছিলেন তখন তিনি জিজ্ঞেস করলেন-
আপনি দৌড়ান ক্যান?
যোগেশ্বর বাবু - আমি একা পড়েছি। আমার সঙ্গের সকল লোক চলে গেছেন।
বৃদ্ধ ভদ্রলোক- কোথায় গিয়েছিলেন?
যোগেশ্বর বাবু- শ্রীশ্রী সত্যনারায়ণ পুজো ছিল, সেখানে গিয়েছিলাম।
বৃদ্ধ ভদ্রলোক- কী! সত্যনারায়ণ?
যোগেশ্বর বাবু- শ্রীশ্রী রামঠাকুরের প্রচার করা সত্যনারায়ণ।
বৃদ্ধ ভদ্রলোক- দৌড়ান ক্যান! আমি তো ঠাকুরকে দেখেছি।
যোগেশ্বর বাবু- আমি একা।
বৃদ্ধ ভদ্রলোক- ঠাকুর ত বলেছেন- 'আমি ত আপনাগো সঙ্গে সঙ্গেই থাকি।'
আপনি একলা কীভাবে? গুরু ত সঙ্গে থাকেন। আপনি একলা কী করে হলেন?

এভাবে বৃদ্ধের সাথে সাথে যোগেশ্বর বাবু হেঁটে বিদুর্ কর্ত্তা চৌমুহনীতে এলেন। কিন্তু পাশে তাকিয়ে তিনি দেখেন ওই বৃদ্ধ অদৃশ্য হয়ে গেছেন। তার চার দিকে তাকিয়ে কোথাও তিনি দেখতে পেলেন না এই বৃদ্ধকে।
ভয় বিপদ বা যে কোনো অবস্থায় ঠাকুর আশ্রিতদেরকে উদ্ধার করেন। এ তাঁর একটি প্রকৃষ্ট উদাহরণ। এই স্মৃতি যোগেশ্বর বাবু যত দিন জীবিত ছিলেন ততদিনই প্রচার করে গেছেন। ঠাকুর সব সময়ই আশ্রিতের সাথে থাকেন।
১৯৩৭ কিংবা ১৯৩৮ ইং সনে এক কাজের দায়িত্ব পেয়ে জামালপুর থেকে কলকাতায় বদলি হয়ে এলেন রামঠাকুরের আশ্রিত শ্রীযুক্ত মাধবচন্দ্র মজুমদার। তাঁকে কাজে যেতে হত জি. পি. ও তে। ডিউটি ছিল বেলা দুটো থেকে রাত দশটা। অফিসে যাওয়া আসার সুবিধার জন্য রসা রোডের কাছে মহিম হালদার স্ট্রিটে বাড়ি ভাড়া করে স্বপরিবারে বসবাস শুরু করে দিলেন। তাঁর বড় ছেলের নাম শ্রী দুর্গাপ্রসাদ মজুমদার - কলেজে পরে, উঁচু ক্লাসের ছাত্র। কলেজে আসা যাওয়া ছাড়া সে বড় একটা বাড়ির বাইরে থাকে না, বাড়ির সন্ধ্যা আরতি ও কীর্তনে প্রায়ই সে অংশগ্রহন করে।
একদিন মাধববাবু জি.পি.ও থেকে রাত এগারটায় বাড়ি ফিরে শোনেন, দুর্গাপ্রসাদ চাঁদ পুরের এক বন্ধুর সাথে বিকেলের দিকে বেড়াতে বেরিয়েছে - এখন ও ফিরেনি, এমন কি আজকের সন্ধ্যা আরতির সময়ও তাকে দেখা যায় নি। বাড়ির সবাই খুবই চিন্তিত। সে কোথায়, কোথায় যেতে পারে, তাঁর খোঁজ করেও কাজের কাজ কিছুই হলো না।
বাধ্য হয়ে মজুমদার মশাই বিভিন্ন থানা, হাসপাতালে টেলিফোনে খোঁজ নেওয়া শুরু করে দিলেন। -খবর পাওয়া গেল মোটর গাড়ির চাপে আহত একটি ছেলেকে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে আনা হয়েছে - ছেলেটির নাম দুর্গাপ্রসাদ মজুমদার। এক ডাক্তারের গাড়িতে ছেলেটি চাপা পড়েছে আর সেই ডাক্তারবাবু ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসেন। মাধববাবু ছুটে এলেন ভবানীপুর সাউথ সবার্বন (মেইন) স্কুলের মাষ্টার শ্রীযুক্ত অক্ষয় কুমার মজুমদারের বাড়িতে, তাঁকে নিয়েই চলে আসেন হাসপাতালে। -দেখেন হাতে পায়ে মাথায় ব্যান ডেজ বাঁধা, সংজ্ঞাহীন অবস্থায় অযত্নে পড়ে আছে শ্রীমান। হাসপাতালে সেই সময়ের কর্ত্তব্যরত ডাক্তার, মোটর দুর্ঘটনায় আহত যুবকের পরিচয় পেয়ে কিছুটা ভালো ব্যাবস্থা করে দিলেন।
কি ভাবে, কেউ জানেন না, খবরটা ডাক্তার জে.এম দাশগুপ্তের কানেও পৌঁছোয়। পরদিন তিনি ঐ হাসপাতালে এসে দুর্গাপ্রসাদের জন্য কেবিনের ব্যাবস্থা করে দিলেন। আশ্চর্যের বিষয় হল যে ডাক্তারের গাড়ীতে সে চাপা পড়েছিল, সেই ডাক্তার হচ্ছেন, আবার ডাক্তার জে.এম দাশগুপ্তের ছাত্র। ঐ হাসপাতালেরই এক ডাক্তার। এই সব যোগাযোগের ফলে শ্রীমান দুর্গাপ্রসাদের জন্য দিন রাত্রির নার্স আর চিকিত্সার ভালো ব্যাবস্থা হলো। সকলের চেষ্টায়, মোটর দুর্ঘটনার চার দিন পর, তার জ্ঞান ফেরে কিন্তু সে কাউকে চিনতে পারে নি -ভুল বকে। ডাক্তারদের মতে মস্তিষ্কেই আঘাত সব চেয়ে বেশী। এদিকে রামঠাকুর তখন চট্টগ্রামে। পুত্রের প্রাণভিক্ষা ও মঙ্গল কামনার কাতর আবেদন জানিয়ে মাধববাবু ঠাকুরকে যে চিঠি লিখেছিলেন সেই চিঠির কোন উত্তর নেই। তখন তাঁর মনে হচ্ছিল ..."শ্রীমানের জীবন সংশয়, অথবা প্রাণ রক্ষা পাইলেও পাগল হইয়া থাকিবে।"...তিন সপ্তাহের চিকিত্সায় দুর্গাপ্রসাদ একটু ভালো হলে মাধববাবু তাকে বাড়ি নিয়ে আসেন- অসুস্থ দুর্গাপ্রসাদকে রাখেন তিন তলার এক ঘরে।
-নির্জন দুপুরে দুর্গাপ্রসাদের মা দুর্গাপ্রসাদের ঘরের দরজায় বসে একমনে ঠাকুরের চিন্তা করছিলেন এমন সময় দুর্গাপ্রসাদের মা'য়ের অনুভব হলো কে যেন পিছনে দাঁড়িয়ে আছেন। পিছন ফিরে তিনি ঠাকুরকে দেখেই হতভম্ব। নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলেন-"ঠাকুর মশায়! কথা হইতে আসিলেন? একা একা কি করিয়া আসিলেন, এ বাড়ি তো আপনি চিনেন না, আর তো কোন দিন আসেন নাই।" ঠাকুরকে দেখে তাঁর মনে হচ্ছিল, তিনি যেন রোদে পুড়ে লাল হয়ে গিয়েছেন। ঠাকুর বলেছিলেন, 'স্মরণ করিয়াছেন তাই আসিয়াছি, স্মরণ করিলে বাড়ি চিনিবার প্রয়োজন হয় না, ঠিকানাই বাড়ি চিনাইয়া দেয়।" দুর্গাপ্রসাদের মা ঠাকুরকে সমস্ত ঘটনাই বলেন। "জানি", একথাটা বলেই ঠাকুর নীরব। শ্রীমানের মাথায় গায়ে হাত বুলিয়ে আশীর্ব্বাদ করে ঠাকুর বললেন "রাস্তায় হাটার সময় নাম করিতে পার না, তাহা হইলে তো আঘাত লাগিত না।' রামঠাকুর এবার ব্যাস্ত হয়ে উঠলেন ফিরে যাওয়ার জন্য। মাধববাবুর স্ত্রীর প্রশ্নের উত্তরে ঠাকুর তাঁকে বললেন, গত রাতেই তিনি ১১ নং আর্ল স্ট্রিটে কুঞ্জবাবুর বাড়িতে এসে উঠেছেন সেখানেই ফিরে যাবেন। "এখন আসি" এই বলেই ঠাকুর সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে লাগলেন, দুর্গাপ্রসাদের মা ঠাকুরের সাথে নীচে নেমে এলেন।
সে বাড়িতে একটাই মাত্র সদর দরজা। দরজায় বাড়ি ওয়ালার ২৫/২৬ বছরের ছেলেটি বসেছিল, বাড়িতে কেউ নেই -বাধ্য হয়ে ঐ ছেলেটিকেই ঠাকুরের জন্য টেক্সী ডেকে দেবার অনুরোধ করেন দুর্গাপ্রসাদের মা। এর মধ্যেই বাড়ির সদর দরজায় একটা টেক্সী এসে দাঁড়ায় -ঠাকুর তখনই উঠে বসলেন। টেক্সী ভাড়া বাবদ তিনি দুটো টাকা দিলেন ঠাকুরের হাতে। ঠাকুর টাকা দুটো ড্রাইভারের হাতে দিয়ে গাড়ী ছেড়ে দিতে বলেন। -গাড়ী চলে গেল। বাড়ি ওয়ালার ছেলেটি অনুসন্ধিত্সু হয়ে তাঁকে জিজ্ঞাসা করেন, "এই বৃদ্ধ কে? আপনার কে কি হয়, কখন আসিয়াছেন, আবার এখনই চলিয়া গেলেন কেন?" ইত্যাদি নানান প্রশ্ন। দুর্গাপ্রসাদের মা'য়ের উত্তর "ইনি আমার বাবা, আমার ছেলের অসুখ, আধঘন্টা আগে তাহাকে দেখিতে আসিয়াছিলেন, আবার এখন অন্যত্র চলিয়া গেলেন।" ছেলেটি অবাক হয়ে তাঁকে প্রশ্ন করে "ওঁকে-ত এই কয় দিনের মধ্যে আর দেখি নাই। আজও এক ঘন্টার অধিক সময় এই খানেই বসিয়া আছি ভিতরে যাওয়ার সময়ে তো দেখি নাই।" আপনার হয়তো সময়ের ভুল হইয়াছে।"
ইতিমধ্যে আর এক কান্ড-সেই টেক্সী ড্রাইভার কিছুক্ষণ পর ফিরে এসে বলেন, "মা! আমি আপনার বুড়া বাবাকে হারাইয়া ফেলিয়াছি। তিনি গাড়িতে উঠিয়াই আমার হাতে দুইটি টাকা দিলেন। হাজরা মোড়ে একটা বড় দোকানের সামনে গাড়ি থামাইয়া দোকানে ঢুকিলেন। অনেকক্ষণ পর্য্যন্ত তিনি না আসায় দোকানে যাইয়া বুড়া বাবার চেহারার বর্ণনা দিয়া জিজ্ঞাসা করিলেম তিনি কোথায়? তাহারা কিছুই বলিতে পারিল না। কেবল বলিল এমন লোক কেহ দোকানে আসে নাই।" পরের ঘটনা শ্রীযুক্ত মাধবচন্দ্র মজুমদারের ভাষাতেই লিখেছি...."কুঞ্জ বাবুর বাড়িতে পর দিন প্রাতে যাইয়া ঠাকুরের বিষয় অনুসন্ধান করিলাম।তাঁহারা স্বামী স্ত্রী উভয়ই জানালেন যে পর্যাক্রমে এই ঘরের দরজায় পাহারায় রত আছেন, কাহারও ঘরে যাইবার হুকুম নাই, তিনি গোপনে আছেন। তবে তিনি কাল ঐ সময় ঘরের বাহির হয়েন নাই, ইহা নিশ্চিত। এই হেয়ালি আজও হেয়ালিই রহিয়া গিয়াছে।"...
মাধব বাবু আরও লিখেছেন..."এই ঘটনাটি লিপিবদ্ধ করিবার উদ্দ্যেশ্য আমার আর কিছুই নহে ঠাকুর অনেক সময় কথাচ্ছলে বলিয়াছেন যে "যখনই কোন প্রকার প্রসঙ্গ হয় কিংবা স্মরণ হয় তখনি মনে করিবেন আমি সেই স্থানে উপস্থিত আছি, সেই সময়ে ভ্রমশূন্য হইয়া কাজ করিবেন।" এই বাক্যের সত্যতা প্রমানের নির্দ্দেশই হইল এই ঘটনা। অবশ্য এই বাক্য দৃঢ় ভাবে হৃদয়ে আঢ্য করিয়া রাখা আমাদের ন্যায় সাধারণ জীবের পক্ষে সহজ সাধ্য নহে। ....
"তাঁহার অশির্ব্বাদে আমার ছেলে সুস্থ হইয়া উঠিয়াছে এবং মস্তিষ্কেরও সুস্থতা ঘটিয়াছে।"... এই ঘটনার কিছুদিন পরেই মজুমদার মশাইকে চট্টগ্রামে বদলি করা হয়।