বুধবার, ২৯ জুলাই, ২০১৫



তুলসীর স্থান
একজন ভক্ত স্নান করে ভেজা কাপড়ে চন্দন মাখা তুলসী নিয়ে ঠাকুরের দিকে এগিয়ে আসেন ঠাকুরকে তুলসী দেবার জন্য। এই দেখে ঠাকুর অনুগ্রহ করে তাঁর চরণ দু-খানি এগিয়ে দিলেন। কিন্তু অশ্রিতটি স্বচন্দন তুলসী পাতা নিয়ে ঠাকুরের বুকের দিকে লক্ষ্য রেখে অগ্রসর হতেই ঠাকুর জিগ্যেস করলেন -
এইগুলি কোথায় দিবেন?
আশ্রিত বৃদ্ধ উত্তর দিলেন- স্বচন্দন তুলসী পত্র বক্ষে দিব। 
ঠাকুর নিজের প্রসারিত পা দু'খানি দেখিয়ে বললেন- তুলসী পত্রের স্থান নারায়নের শ্রীদেহের অন্য কোথাও নাই, এইগুলির স্থান নারায়নের শ্রীচরণে।
ততক্ষণে ঠাকুরের প্রসারিত চরণে স্বচন্দন তুলসীপত্র দিয়ে অশ্রিতটি প্রনাম করলেন। পাশে বসেছিলেন শাস্ত্রী মশায়। এই ঘটনা দেখে তিনি প্রশ্ন করলেন-
বাবা তুলসী পত্র নারায়নের চরণে দিতে হয় কিন্তু নারায়ণ এদিকে তুলসীকে মালা করে নিজ কন্ঠে ধারণ করে রেখেছেন কেন?
ঠাকুর উত্তরে বললেন, আমি তোমাগরে অনেকবার কইছি। মন দিয়া শোন- তুল কথার অর্থ সম অর্থাৎ সমতুল্য। ভক্ত, ভক্তি, ভগবান তিনরূপে প্রতীয়মান হইলেও মূলত এক, অভিন্ন এবং সমতুল্য। অতএব মূর্তিমতি ভক্তি দেবী তুলসীরূপে সর্বদা নারায়নের চরনাশ্রয় বাঞ্ছা করেন বইলা তুলসী পাতা চরণে দিতে হয়। আর তুলসী নারায়ণ সমতুল্য বইলা নারায়ণ তুলসীর মালা কইরা সাদরে নিজ কন্ঠে ধারণ কইরা একত্বের প্রমান করছেন। ঠাকুর আরও বললেন- অমিত এইসব কথা আপনাগরে অনেক আগে কইছি।


শ্রাবন মাস-বর্ষাকাল। অবিরাম মুষলধারে বৃষ্টি পড়িতেছে। রাস্তাঘাট জলে পরিপূর্ণ-জনমানবহীন। ঐদিন প্রাতে মাতাঠাকুরানী বলিয়াছিলেন যে ঘরে চাউল নাই। ভাবলাম হাতে একটিও পয়সা নাই, কোথায় টাকা পাই, কথায়ই বা চাউল পাই, ধারই বা এই মাসের শেষে কে দিবে? তারপর ভাবিতে লাগিলাম 'আমি চিন্তা করি কেন? ঠাকুরের উপর নির্ভর করিয়া থাকি তিনি যাহা হয় ব্যবস্থা করিবেন।' এইভাবে মন স্থির করিতে চেষ্টা করিলাম। এমন সময় কিছুদিন পূর্ব্বেকার একটি ঘটনা মনে পড়িয়া গেল।
ঠাকুর তখন ফেনী কলেজের প্রফেসর শ্রীযুক্ত প্রমথনাথ চক্রবর্তী মহাশয়ের বাসায় আছেন। আমি তথায় সর্ব্বদা ঠাকুরের সঙ্গে আছি। তিন চারদিন বাড়ী যাই না; ভাবিলাম, 'মাতাঠাকুরানী বাজার খরচের কী ব্যবস্থা করিতেছেন একবার গিয়া দেখিয়া আসি।' বাড়ী পৌঁছিবা মাত্রই মা বলিলেন, "বাজার খরচা বাবদ কিছু দিয়া যাস, দুইদিন যাবৎ বাজার করি না।" আমি হাঁ বা না উত্তর না করিয়া সুযোগ বুঝিয়া সরিয়া পরিলাম, কারণ আমার হাতে তখন একটী পয়সাও নাই। প্রমথদাদার বাড়ীতে ফিরিয়া ঠাকুরকে প্রনাম করিলাম। প্রনাম করিতেই আমার দিকে তাকাইয়া ঠাকুর বালিশের তলায় হাত দিলেন ও সেখান হইতে কয়েকটি টাকা বাহির করিয়া আমার হাতে দিয়া বলিলেন, 'যান, মাকে এই টাকা কয়টা দিয়া আসেন।' ঠাকুর যে অন্তর্যামী এবং তাঁহার অজানা যে কিছুই নাই তাহা অনুভব করিতে করিতে আমি বাড়ী যাইয়া মাকে টাকা দিয়া আসিলাম।
উক্ত ঘটনা মনে পড়িতেই চাউলের চিন্তা কিছুটা প্রশমিত হইল। হঠাত বাহির হইতে একটা শব্দ আসিল, 'বাবু, চাউল রাখবেন।' বাহিরে তখনও অবিরাম ধারায় বৃষ্টি পড়িতেছে। ভাবিলাম, 'ভুল শুনিতেছি না তো।'; কিন্তু আবার সেই ডাক- 'বাবু, চাউল রাখবেন?'- কৌতূহল পরবশ হইয়া উত্তর করিলাম, 'কে? বাড়ীর ভিতরে এস।' - চাউলের ভাঁড় লইয়া বাড়ীর ভিতরে আসিল জনৈক বৃদ্ধ- বয়স অনুমান ৬০/৬৫ বত্সর হইবে। আমি তাহাকে বলিলাম, 'আমার আতপ চাউলের প্রয়োজন।' সে বলিল, 'আতপ চাউলই আনিয়াছি।' সঙ্গে সঙ্গে সে মোড়ানো কলাপাতা খুলিয়া ফেলিল। বৃদ্ধকে বলিলাম, চাউল আমার পছন্দ হইয়াছে- এখন মাসের শেষ, আমার হাতে টাকা নাই। ইংরাজী মাসের দুই, তিন তারিখের আগে টাকা দিতে পারিব না, আমাকে বাকীতে দিতে হইবে।' সে বলিল 'আমি আপনাকে জানি। এখন টাকা না দিলেও চলবে- মাসকাবারে দিবেন।' সেই মুহুর্ত্তেই চাউলের সমস্যা এইভাবে সমাধান হওয়ায় আমি একেবারে অভিভূত হইয়া পড়িলাম। শ্রীশ্রী ঠাকুর যে সর্ব্বদাই সঙ্গে সঙ্গে আছেন এবং আমাদিগকে বিপদ হইতে রক্ষা করিতেছেন তাহা বুঝিতে আর বাকী রহিল না।


"শ্রীশ্রী ঠাকুরের সঙ্গে"
শ্রীতুলসীদাস গঙ্গোপাধ্যায়
শ্রীশ্রী রামঠাকুর আবির্ভাব শতবার্ষিকী স্মারকগ্রন্থ
পৃষ্ঠা: ১৭২

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫



এখন যে প্রাণস্পর্শী উপদেশের কথা বর্ণনা করিতে যাইতেছিলাম, তাহারই একটি বিবরণ এখানে সন্নিবেশিত করিবার চেষ্টা করিব। ১৯৪৫ ইংরেজীর ২৮শে ডিসেম্বর তারিখে যে গুরুভগিনীটি ঠাকুরের কৃপা লাভ করিয়াছিলেন, তিনি তাহার স্বামীর সহিত আগরতলা হইতে ডাউন ট্রেনে রাত্রি ৭ ঘটিকার সময় চৌমুহনী আসিয়া পৌছেন এবং স্টেশনে নামিয়াই অন্যান্য দর্শনার্থীদের সহিত আশ্রমে চলিয়া আসেন।
তাহারা শ্রীশ্রী ঠাকুর কে প্রনাম করিয়া কিছুক্ষণ পর সুযোগ বুঝিয়া স্বামী – স্ত্রী দুজনে উঠিয়া আসিয়া ঠাকুরের আসনের কাছে হাত জোড় করিয়া দাড়ান। উক্ত মহিলার স্বামী ইতিপূর্বেই ঠাকুরের আশ্রয় লাভ করিয়াছিলেন। তাই তিনি তাহার স্ত্রীকেও নাম দিবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানান। ঠাকুর তখন মহিলাটিকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করিলেন “মা, নাম নিবেন?” তিনি মাথা নাড়িয়া সন্মতি জানাইলে ঠাকুর বলিলেন, আমি ‘নাম’ বলিয়া যাইতেছি, আপনি আমার সাথে সাথে ঐ নাম আবৃত্তি করিয়া যাইবেন।
এই বলিয়া শ্রীশ্রী ঠাকুর চক্ষু মুদ্রিত করিলেন এবং অল্পক্ষণ পরে ছয় অক্ষর যুক্ত নাম মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন। মহিলাটিও ঠাকুরের নির্দ্দেশ অনুযায়ী ঐ নাম মহামন্ত্র আবৃত্তি করিয়া চলিলেন। এই ভাবে অষ্টাদশ বার আবৃত্তি করার পর ঠাকুর থামিয়া অতি আবেগভরে বলিতে লাগিলেন “মা, এই যে নাম পাইলেন ইহার ভিতরে কিন্তু প্রাণ আছে। আপনি ত সন্তানের মা। তাই জানেন যে সন্তান যখন ভূমিষ্ট হয়, তখন তাহার প্রাণের স্পন্দন বুঝা যায় না। ভূমিষ্ট হওয়ার পর ধাত্রী তাহাকে ধুইয়া মুছাইয়া শুকনা কাপড়ে জড়াইয়া নিয়া প্রাণ স্পন্দন দেয়। পরে সন্তান মুখব্যাদান করিলে অতি সন্তর্পণে ভিজা নেকড়ার সাহায্যে মিশ্রিত জল মুখে দেয়। আপনিও তাহার মুখে স্তন হইতে ক্ষীরধারা দেন। এভাবে যত্ন করিতে করিতে শিশু ক্রমে চোখ মেলে, হাত পা নাড়ে, তাহার মুখে হাসি ফোটে। ভূমিষ্ট হওয়ার সময় হইতে মা, শিশুকে যে ভাবে যত্ন করেন, তাহা মন দিয়া করেন না, করেন প্রাণ দিয়া। শিশুর প্রতি মায়ের এই যে টানে যত্ন, সেরূপ যত্ন এই নামের প্রতিও প্রাণ দিয়া করিতে হইবে।
কিছুদিন পর আপনি অতুড় ঘর ছাড়িয়া নিজের ঘর সংসারের কাজে যোগ দেন, সংসারের কাজে যাবার আগে শিশুকে অতি যত্ন ও সাবধানে শোয়াইয়া রাখিয়া যান। এদিকে সংসারের কাজকর্ম করিতে করিতে আপনি কিন্তু সব সময়েই উত্কর্ণ হইয়া থাকেন – কখন বুঝি বা শিশু কাঁদে, এই যে উত্কর্ণ হইয়া থাকা, এখানেও প্রানের টান। ঠিক এইভাবে যখন আপনি সংসারের কাজকর্ম নিয়া থাকিবেন, নামের প্রতিও ঠিক একইভাবে আপনার প্রাণের টান থাকিবে। মনে রাখিবেন এই সংসার গোপালের সংসার, যা কিছু সংসারের কাজ সবই গোপালের কাজ।
গোপাল ক্রমে হাঁটিতে শিখিলে যশোদা মা হাততালি দিয়া তাকে আঙ্গিনায় নাচাতেন এবং গোপালের নাচ দেখিয়া মা আনন্দে ভরপুর হইতেন। এই নামরূপী গোপালও আপনার যত্নে ক্রমে চেতনামুক্ত ও শক্তিশালী হইয়া আপনার হৃদয় আঙ্গিনা আলো করিয়া নাচিতেছেন, অনুভূতিতে জানিতে পারিবেন এবং যশোদা মায়ের ন্যায় আপনিও সেই অনুভূতিতে আনন্দে আত্মহারা হইবেন। ইহাই নিত্যানন্দের যোগ।
যশোদা মার ‘গোপাল’ ইতক্রমে বড় হইয়া মথুরার রাজা হইয়াছিলেন। তখন তাহার নাম হইয়াছিল ‘গোবিন্দ’।
আপনার নামরূপী গোপালকে প্রাণ দিয়া যত্ন করিতে করিতে ক্রমে গোবিন্দ রূপে, – বিশ্বের রাজা রূপে জানিতে পাইবেন। গো-ব্রহ্ম সত্য। বিদ্-জানা। গোবিন্দ-আনন্দ, সত্যকে জানা।”
শ্রীশ্রী ঠাকুর যেরূপ আবেগের সহিত কথাগুলি বলিয়া গেলেন, তাহাতে নামপ্রাপ্তা গুরুভগিনীটির প্রাণে এমনই সাড়া আসিল যে, তিনি আর অশ্রু সম্বরণ করিতে পারিলেন না। দর্দর্ করিয়া প্রেমাশ্রু তাহার গন্ডদ্বয় বহিয়া ঝরিতে লাগিল। শুধু তিনি নন, সেদিন এই নাম দিবার সময়ে ঠাকুরের আসনের সন্নিকটে আমরা যে কয়েকজন উপবিস্ট ছিলাম, কেহই অশ্রু সম্বরণ করিতে পারি নাই। ধন্য আমার এই ভাগ্যবতী গুরুভগিনী। ঠাকুরের কৃপায় ইস্টস্মৃতিতে ক্ষনিকের মধে সচ্চিনানন্দ সাগরে ডুবিয়া ধন্য হইলেন। এই ইস্টস্মৃতি তাহার হৃদযে চিরদিন জাগরুক থাকিবে, আমার এই আন্তরিক বিশ্বাস। দুঃখের বিষয় উক্ত নামপ্রাপ্তা গুরুভগিনীটির নাম জিজ্ঞাসা করার কথা তখন মনে জাগে নাই, তাই এখানে তাহার ও তাহার স্বামীর নাম উল্লেখ করিতে পারিলাম না।


- শ্রীশ্রী রামঠাকুর কথামৃত বিন্দু
শ্রী ব্রজেন্দ্র কুমার চৌধুরী
পৃষ্ঠা: ৫৫


এই ঘটনাটি ঘটিয়াছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চিরতরে বাকরুদ্ধ হইয়া যাওয়ার অল্প কিছুদিন পূর্বে। সময় কালে দশটা কী সাড়ে দশটা হইবে কাজী সাহেব আর্লস্ট্রিটে কুঞ্জ বাবুর গৃহের এক তলার ঘরে প্রবেশ করিলেন। তখন কুঞ্জ মজুমদার মহাশয়ের বাড়ীর এক তলায় সপরিবারে বাস করিতেন সদানন্দ চক্রবর্তী মহাশয়। কবিকে দেখিয়া সদানন্দবাবু করজোড়ে আহ্বান করিয়া তাঁহার বৈঠকখানায় নিয়া বসাইলেন। কবির হাতে একটি থলে দেখিয়া সদানন্দদা অনুমান করিলেন হয়ত বাজার করিতে বাহির হইয়া, তিনি এইখানে চলিয়া আসিয়াছেন। খেয়ালি কবির ভাবসাব তাঁহার ভালই জানা ছিল। ডাক্তার বিধানচন্দ্র রায়ের গৃহে যাতায়াতের সময় সদানন্দবাবুর সহিত কবিবরের আলাপ পরিচয় ঘটে। শুধু তাহাই নহে সেই সময় তাঁহাকে কয়েকবার কাজী সাহেবের বাসা বাড়ীতেও যাইতে হইয়াছিল। কবিকে বসিতে দিয়া সদানন্দবাবু বলিলেন, 'কাজীদা কী মনে করে আমার মত দীন হীনের ঘরে আগমন।'
-'রাজা যদি হীন, প্রজা হয় দীনের দীন। তুমি না রামঠাকুরের ভক্ত শিষ্য, দীন হতে যাবে কেন। তুমি তো দীন দুনিয়ার রাজার প্রজা। দাওনা একবারটি দর্শন করিয়ে। শুনলাম মজুমদার মশায়ের ঘরে রামঠাকুর মশায় সশরীরে আছেন।'
কবির কথা শুনিয়া সদানন্দবাবু বিনয়ের সহিত কহিলেন, 'কাজীদা আজই আপনি আসার ঘন্টা খানেক আগে প্রধান মন্ত্রী হক সাহেব (তখন অখন্ড বাংলার মুখ্যমন্ত্রীকে প্রধান মন্ত্রী বলা হইত) এসে ঠাকুরের দর্শন কামনা করেছিলেন। ঠাকুর মশায় তাঁকে দর্শন দেন নি এই বলে-"রাজা উজিরদের এই দরিদ্র ব্রাহ্মণের কাছে কোন দরকার আছে বইল্যা তো আমার জানা নাই।" লোক মারফৎ কথাটি শুনে হক সাহেব চলে যান।
কথাগুলি শুনিয়া নিরাশ হইলেন কবিবর। সদানন্দবাবু কাজীদার প্রিয় আহার্য্য চা এবং পানের ব্যবস্থা করিলেন। চা পান তখনও শেষ হয় নাই এমন সময়ে উপর হইতে একজন আসিয়া বলিলেন, 'এখানে কে একজন মুসলমান কবি এসেছেন তাঁকে ঠাকুর যেতে বল্লেন।'
কাজীদা মুহুর্ত্তমাত্র বিলম্ব না করিয়া সদানন্দবাবুর দিকে একবার ছল ছল নেত্রে চাহিয়া উপরে উঠিয়া গেলেন। সদানন্দদাও তাঁহার পিছনে পিছনে গেলেন। শ্রীশ্রী ঠাকুরকে দর্শন ও প্রনাম করিয়া অঞ্জলিবদ্ধ দুই হাত পাতিয়া ঠাকুরের শ্রীমুখ পানে মিনতি ভরা নয়নে চাহিয়া রহিলেন। মুখে কিছুই বলিলেন না। কবির করুন দৃষ্টিপূর্ণ মুখের দিকে চাহিয়া, "এ জন্মে নয় পরের জন্মে হইব।" এই বলিয়া ঠাকুর চুপ করিয়া গেলেন। শ্রীশ্রী ঠাকুরের কথা শুনিয়া বিদ্রোহী কবি ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রনাম করিয়া হাঁটু মুড়িয়া দুই হাত জোড় করিয়া তখন একটি গান গাহিতে লাগিলেন।
এই প্রেক্ষিতে সদানন্দদা বলিলেন যে তত্খনাত রচিত গানের ভাষা এবং সুর এতই হৃদয় বিদারক ছিল যে উপস্থিত সকলের চোখের জল ঝরিতে লাগিল। আর দেখা গেল গান গাহিতে গাহিতে বিদ্রোহী কবির দুই নয়নের অশ্রুধারা। অন্যদিকে তখন শ্রীশ্রী ঠাকুর স্থির অচঞ্চল অবস্থায় যেন ধ্যান মগ্ন। সদানন্দদা আরও জানালেন যে উক্ত ঘটনার কিছুদিন পরে তাঁহারা জানিতে পারিলেন যে কবি কাজী নজরুল ইসলাম বাকরুদ্ধ হইয়া গিয়াছেন।



ছন্নাবতার শ্রীশ্রী রামঠাকুর
শ্রী সদানন্দ চক্রবর্তী
পৃষ্ঠা:৩৬৬

''আমিই সত্যনারায়ণ! আমিই সত্যনারায়ণ! শত ধারালো অস্ত্র নিক্ষিপ্ত হইলেও আপনাদের কিছুই হইবে না।"


ঠাকুর তখন চৌমুহনীতে। তখন সাম্প্রদায়িক দাঙ্গাহাঙ্গামা চরিতেছে। হঠাত একদিন শুনিলাম যে ঠাকুর ফেনীতে প্রমথদাদার বাসায় আসিয়াছেন। ততক্ষনাত গিয়া ঠাকুর দর্শন করিয়া প্রনাম করিলাম। ঠাকুর তখনই বালিশের তলা হইতে গোটাবারো টাকা লইয়া আমাকে দিয়া বলিলেন, 'এই টাকা দিয়া সত্যনারায়ণ পূজার আয়োজন করেন। আজ সন্ধ্যায় আপনিই পূজা করবেন।'
শুনিয়া আমি তো অবাক! কেননা সন্ধ্যাপুজা দূরের কথা, গায়ত্রী মন্ত্রও আমি ভাল করিয়া উচ্চারণ করিতে পারি না। আমি কী পূজা করিব? তাছাড়া পন্ডিতপ্রবর শ্রীযুক্ত শরৎ কাব্যতীর্থ মহাশয় ঠাকুরের নিকট বসিয়া আছেন। তাঁহাকে পূজার ভার না দিয়া আমাকে কেন পূজা করিতে বলিলেন তাহার কারণ অনুধাবন করিতে পারিলাম না।
ঠাকুরের আদেশানুযায়ী ঐদিন সন্ধ্যায় তাঁহার আশীর্ব্বাদ লইয়া যে ঘরে ঠাকুরের শ্রীপট আছে সেখানে যাইয়া পূজায় বসিলাম, আঙ্গিনায় কীর্ত্তন চরিতে লাগিল। কোন প্রকারে পূজা শেষ করিলাম। বহু লোকের সমাগম হইয়াছিল, তাহারা প্রসাদ পাইয়া চলিয়া গেল। তারপর ফুল চন্দন লইয়া ঠাকুরের শ্রীদেহ পূজা করিবার মানসে ঠাকুরঘরে প্রবেশ করিলাম। দেখিলাম ঠাকুর স্থিরাসনে, দেহ জ্যোতির্ম্ময়, ঘরটী সৌরভে ভরা। আমি শ্রীপদে পতিত হওয়া মাত্র বলিতে লাগিলেন, ''আমিই সত্যনারায়ণ! আমিই সত্যনারায়ণ! শত ধারালো অস্ত্র নিক্ষিপ্ত হইলেও আপনাদের কিছুই হইবে না।"
ঠাকুরের লীলা সম্পর্কে কিছু লিখা আমার সাধ্যাতীত। তাঁহার সন্নিধানে থাকিয়া দীর্ঘদিন তাঁহার পদসেবা করিবার সৌভাগ্য আমার হইয়াছিল। তাঁহার পদপ্রান্তে বসিয়া কত কথা শুনিয়াছি, কত অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করিয়াছি, কত আনন্দে দিন কাটাইয়াছি। ইহা বুঝিয়াছি যে তাঁহার সম্পর্কে কিছু লিখা আর না লিখা উভয়ই ভুল।



"শ্রীশ্রী ঠাকুরের সঙ্গে"
শ্রীতুলসীদাস গঙ্গোপাধ্যায়
শ্রীশ্রী রামঠাকুর আবির্ভাব শতবার্ষিকী স্মারকগ্রন্থ
পৃষ্ঠা: ১৭২


"মন্ত্র" "নাম" "নাম করা" "নাম সংকীর্তন" কাহাকে বলে?


বেদবানী ২য় খন্ড ১৩২ নং পত্র
"প্রাণ অর্থাৎ যাহা শ্বাস-প্রশ্বাস চলিয়া থাকে, ইহাই ভগবান। ইহাকেই স্থির করিয়া যতটুকু সময় রাখা যায় ততটুকু সময়ে ভগবানের নাম করা হয় এবং ইহার স্থির অবস্থায় নিবার জন্য মনের যে বেগ তাহারই নাম মন্ত্র। যখন এই প্রাণেতে স্থির বুদ্ধি অর্থাৎ প্রাণ স্থির বোধ হইবে তাহাকে স্থির আত্মা বলিয়া জানিবেন। অতএব যত সময় পারেন ঐ প্রানের স্থির করিবার জন্য চেষ্টা করিবেন, এই অনুষ্ঠানের নামই নাম করা, অর্থাৎ এই স্থিরের অধীন থাকার নামকে নাম বলে। .....সকল অবস্থাতেই এই ভূত প্রকৃতি মুক্তির জন্য এই প্রানের স্থির করার আশ্রয় নিয়া [থাকিবেন] এই প্রানের স্থির বৈ আর কিছুই নাই এই জ্ঞানকে নাম সংকির্ত্তন বলিয়া জানিবেন।"
শ্রীশ্রী ঠাকুরের ১৩২ নং পত্রখানা এবং তত্পূর্ব্বে লিখিত নামের উপদেশ পূর্ণ অন্য পত্রগুলির সারমর্ম্ম আমাদের অন্তরে ধারণ করিতে পারিলে নামের সেবা দ্বারা নামের কৃপা লাভ করিব ইহাতে কোন সন্দেহ নাই।
তবে যদি কেহ তাঁহার বাণীতে সন্দিহান হন তবে মুণ্ডকোপনিষদে ঋষিগণ নাম জপের যে উপদেশ দিয়াছেন তাহা অনুধাবন করিয়া দেখিবেন যে ঠাকুরের বাণী ও উপনিষদের উক্তিতে কোন পার্থক্য নাই।
প্রনবো ধনুঃশরো হ্যাত্মা ব্রহ্ম তল্লক্ষ্যমুচ্যতে।
অপ্রমত্তেন বেদ্ধব্যং শরবত্তনময়ো ভবেত।
মুণ্ডকোপনিষদ ২/২/৪

তির, ধনু, লক্ষ্যবস্তু এই তিন বস্তুর চিন্তা করিয়া এই শ্লোকটি আস্বাদন করিতে হইবে।
ধনু= প্রণব, অম, নাম।
তির= প্রাণ
লক্ষ্য বস্তু =পরমাত্মা, সত্য, ব্রহ্ম।
যখন প্রাণ স্থির বোধ হইবে তাহাকে ঠাকুর স্থির আত্মা বুঝাইয়াছেন। স্থির আত্মাই পরমাত্মা ইহাই লক্ষ্যবস্তু।
ব্যাধ তাহার লক্ষ্যবস্তু পাখীকে বিদ্ধ করিতে হইলে ধনুতে তির সংযোগ করিয়া পাখীর প্রতি তন্ময় হইয়া তীর নিক্ষেপ করিলে পাখী বিদ্ধ করিতে পারে। সাধক এখন ব্যাধের মত প্রাণপাখী অর্থাৎ পরমাত্মার সঙ্গে আবদ্ধ হইতে হইলে নাম ধনুতে "প্রাণ" শর সংযোগ করিয়া তন্ময়তা আনিতে পারিলেই লক্ষ্য বস্তু লাভ করিবেন; ইহাই নাম ধনুতে প্রাণ শর দিয়া ব্রহ্মকে বিদ্ধ করা। নামকে প্রানের সঙ্গে যুক্ত না করিয়া সাধক কখনও লক্ষ্যবস্ত্তুতে পৌঁছিতে পারে না।
কলিযুগে সত্যনারায়নের সেবায় সত্যপীঠ অর্থাৎ আসনটি সত্যের প্রতীক, ধনু হইল নাম, তীর হইল প্রাণ; এই তিন সংযুক্ত করিয়া দেওয়া হয়। ইহার তাত্পর্য্য এই যে নাম প্রানের সঙ্গে যোগ করিয়া নাম করিতে রুচি, তন্ময়তা আসে। নাম, প্রাণ এবং তন্ময়তা এক তিনের যোগ হইলেই সত্যপদ ছাড়া হয় না। ইহাই জ্ঞানযোগ, ধ্যানযোগ, ও ভক্তিযোগের মর্ম্মার্থ। যোগ দ্বারাই যোগেশ্বররেশ্বর গোবিন্দ প্রাপ্তি হয়।
সত্যনারায়ণ ব্রতে যে সিন্নি দেওয়া হয় তাহা জীবনের ভাগ্যের ভোগ নিবেদন- ভোগদান করিতে করিতে দানের অর্থাৎ ভাগ্যের আর যখন কিছুই অবশিষ্ট থাকিবে না- তখনই সত্য অর্থাৎ মহাপ্রসাদ প্রাপ্তি হয়। ইহাই শ্রীশ্রী ঠাকুরের আচরিত, প্রচারিত "সত্যনারায়ণ ব্রত" সত্যব্রত, পতিব্রত।

শ্রীশ্রী রাম পূজা (শ্রীশ্রী রামঠাকুর প্রসঙ্গে)
ডাঃ শ্রীযতীন্দ্র চন্দ্র দেব রায়

সোমবার, ২৭ জুলাই, ২০১৫


পূর্ণ ব্রহ্ম সনাতন, সৃষ্টি স্থিতি প্রলয় কারণ, সত্যনারায়ণ, আমিই সেই রামঠাকুর।


তিরিশ দশকের প্রারম্ভে ঢাকা হইতে সদানন্দকে সঙ্গে লইয়া ঠাকুর মহাশয় আসিলেন পূর্ববঙ্গের ভৈরব ষ্টেশনের রেল আবাসনে। সেখানে শ্রীযুক্ত ললিত রায় মহাশয়ের আবাসে শ্রীশ্রী রামঠাকুর শুভবিজয় করিতেছেন। প্রতিদিন বিশেষ করিয়া ছুটির দিন সকাল সন্ধ্যায় অপেক্ষাকৃত অধিক ভক্তকূল শ্রীশ্রী ঠাকুর সন্নিধানে আসিয়া তাঁহার অমৃতময় কথা শ্রবণ করিয়া আনন্দ লাভ করিতেছেন। রেল আবাসন এবং আশপাশের আশ্রিত অনাশ্রিত নির্ব্বিশেষে ধর্ম্মপিপাসু ভক্ত সমাজে শ্রীশ্রী ঠাকুরের শুভাগমনে সাড়া পড়িয়া গিয়াছে। স্ত্রীপুরুষ সকলে শ্রীশ্রী ঠাকুরকে দর্শন ও প্রনাম করিতে ব্যস্ত। কেহ কেহ নাম চাহিয়া নাম পাইতেছেন।
ললিত রায়ের গৃহের চারিদিকে যেন আনন্দের হাট বসিয়াছে। এইভাবে একদিন সকাল বেলায় জাতিতে ব্রাহ্মন, স্থানীয় একজন তথাকথিত পন্ডিত শ্রেনীর ব্যক্তি ললিত রায় মহাশয়ের গৃহবাসের সম্মুখে আসিয়া পান্ডিত্যের গৌরবে গর্বিত হইয়া পন্ডিত উচ্চ কন্ঠে বলিতে লাগিলেন, "কৈ গো তোমাদের রামঠাকুর, তিনি নাকি ভগবান, তাঁরে একবার দেইখা যাই।"
অহঙ্কারী পন্ডিতের শ্লেষপূর্ণ বাক্য শুনিয়া সেখানে উপস্থিত সকলেই স্তম্ভিত। গৃহ মধ্যে ভক্ত পরিবৃত হইয়া ঠাকুর মহাশয় একখানা তক্তপোষের উপর তাঁহার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বসিয়া আছেন। উদ্ধত পন্ডিতের কথা শ্রবণ করিয়া শ্রীশ্রী ঠাকুর শান্তভাবে বাহিরে আসিয়া সেই পন্ডিতের সম্মুখে দন্ডায়মান পূর্বক তাহার দিকে দৃষ্টিনিক্ষেপ করিয়া উদাত্ত কন্ঠে বলিতে লাগিলেন, -

"পুর্ণব্রহ্ম সনাতন, সৃষ্টি স্থিতি প্রলয় কারণ, সত্যনারায়ণ, আমিই সেই রামঠাকুর।"
পান্ডিত্যের অহঙ্কারে অহঙ্কারী পন্ডিত প্রবর কথাগুলি শুনিতে শুনিতে শ্রীশ্রী ঠাকুরের মধ্যে কী দেখিতে পাইলেন তাহা তিনিই জানেন। উপস্থিত ব্যক্তিবর্গ কিছুই অনুমান করিতে পারিলেন না। তাঁহারা শুধু লক্ষ্য করিলেন সেই আত্মাভিমানী গর্বিত পন্ডিত মুহুর্তের মধ্যে থর থর করিয়া কাঁপিতে কাঁপিতে সংজ্ঞাহীন অবস্থায় ভূপাতিত হইলেন। তখন উপস্থিত সকলের মধ্যে চঞ্চলতা শুরু হইয়া গেল। কেহ কেহ তাঁহার শুশ্রুষায় ব্যস্ত হইয়া উঠিলেন। চোখে মুখে শিরে জলক্ষেপনপূর্বক তাঁহাকে সকলে ধরাধরি করিয়া যে ঘরে ঠাকুর মহাশয় আছেন সেখানে ঘরের মেঝেতে শোয়াইয়া দিলেন। শ্রীশ্রী ঠাকুর পুনরায় তাঁহার পূর্ব নির্দ্দিষ্ট আসনে বসিয়া নির্লিপ্তের ন্যায় সব কিছু অবলোকন করিয়া যাইতেছেন। কিছুক্ষণ পরে পন্ডিতের সংজ্ঞা ফিরিয়া আসিল। জ্ঞান ফিরিবার পরে দাম্ভিক পন্ডিত শ্রীশ্রী ঠাকুরের সম্মুখে হাঁটু গাড়িয়া বসিলেন। তারপর হাতজোড় করিয়া কম্পিত কন্ঠে ঠাকুরের শ্রীমুখপানে চাহিয়া সাশ্রুনয়নে গীতার একাদশ অধ্যায় আবৃত্তি করিতে লাগিলেন। সদানন্দদা বলিলেন যে গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন সম্পূর্ণ আবৃত্তি করিতে মুহুর্মুহু কাঁপিয়া উঠিতেছিলেন। তখনও পর্য্যন্ত সম্পূর্ণ সুস্থ হইতে পারেন নাই। যতক্ষণ তিনি গীতার শ্লোকগুলি পাঠ করিতেছিলেন, ঠাকুরমহাশয় তাঁহার আসনে স্থির ভাবে বসিয়াছিলেন। আবৃত্তি শেষে ব্রাহ্মণের অবস্থা দেখিয়া ঠাকুর বলিলেন, "ওনারে একটু গরম দুধ খাওয়াইয়া বাড়ি পৌঁছাইয়া দেন। একটুকু বিশ্রাম করলেই ঠিক হইয়া যাইব।"
 উপরি উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী সদানন্দ চক্রবর্তী মহাশয় ঐ কাহিনী বলিবার পরে তিনি শ্রীশ্রী ঠাকুরের মহিমা মন্ডিত আরও একটি বিষয়ে আলোকপাত করিয়াছিলেন। এই ললিত রায়দের বংশের একটি বালককে দত্তক নিয়েছিলেন জনৈক চট্টোপাধ্যায় মহাশয়।
তাঁহার কোন সন্তানাদি ছিল না। বহুদিন আগের কথা সদানন্দবাবু ওই চট্টোপাধ্যায় মহাশয়ের নাম স্মরণ করিতে পারিলেন না। চ্যাটার্জি মহাশয় ছিলেন গুরুকৃপাধন্য এক ব্যক্তি।
আর্থিক অবস্থা তাঁহার ভালই ছিল। কিন্তু প্রারব্ধ দন্দভোগ তাঁহার এতই প্রবল ছিল যে ঠাকুর মহাশয় স্বয়ং চ্যাটার্জিবাবুর জন্য চিন্তাযুক্ত থাকিতেন। চিন্তিত ঠাকুর মহাশয়কে তাঁহার গুরুদেব চ্যাটার্জিবাবুর নাম উল্লেখ করিয়া বলিয়াছিলেন, "রাম, অমুকের চিন্তা তোমাকে করিতে হইবে না, তাহার ভার আমি নিলাম।"
এইরূপ বলিয়া গুরুদেব একটি রুদ্রাক্ষের মালা ঠাকুরের হাতে দিয়া বলিয়াছিলেন, "তাহাকে এই রুদ্রাক্ষের মালায় নাম জপিতে বলিবে।" শ্রীশ্রী ঠাকুর তাঁহার গুরুদেবের কথানুযায়ী তাহাই করিয়াছিলেন। কিছুদিন পরে পরম গুরু অর্থাৎ ঠাকুরের গুরুদেব পুনরায় ঠাকুরকে বলিয়াছিলেন, "তাহার আর রুদ্রাক্ষের মালা জপের প্রয়োজন নাই।"
অনেক পরে শ্রী প্রমথ চক্রবর্তী, শ্রীযুক্ত শ্রীমন্ত কুমার বনিক, শ্রীসদানন্দ চক্রবর্তী প্রভৃতি ব্যক্তিবর্গ যখন যাদবপুর কৈবল্যধামের ট্রাষ্টি বোর্ড সদস্য, তখন তাঁহারা সকলে মিলিয়া শ্রীশ্রী ঠাকুরের গুরুদেব প্রদত্ত রুদ্রাক্ষের মালা খানা সংগ্রহ করিতে চেষ্টা করিয়াছিলেন। তাঁহাদের উদ্দেশ্য ছিল পরমগুরুদেবের নিদর্শন স্বরূপ বহুমূল্যবান উক্ত রুদ্রাক্ষের মালখানা যাদবপুর আশ্রমের সংগ্রহ শালায় রাখিবেন।
কিন্তু তাঁহাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হইল। প্রকারান্তরে তাঁহারা জানিতে পারিয়াছিলেন যে জনৈক অমিয় রায়, যিনি দাদাজী নাম নিজেকে প্রকাশ করিতেন, তিনি মালখানা পূর্বাহ্নেই হস্তগত করিয়া ফেলেন। তাঁহাকে অনেক অনুনয় বিনয় করিয়াও ট্রাষ্টিবোর্ডের সদস্যগণ, পরমগুরুর পবিত্রস্পর্শ প্রাপ্ত রুদ্রাক্ষের মালখানা পাইতে সমর্থ হন নাই। 


ছন্নাবতার শ্রীশ্রী রামঠাকুর
শ্রী সদানন্দ চক্রবর্তী
পৃষ্ঠা: ৩১২